১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে একজনকে কুপিয়ে হত্যা

এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 11:54 AM

Updated : 26 Aug 2026, 03:07 PM

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

নিহত ৫০ বছর বয়সী আলমগীর হাওলাদার মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার হাফেজ হাওলাদারের বাসিন্দা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 

এরই জেরে সকালে হাসানের পক্ষের লোকজন মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার হাতের কব্জি কেটে ফেলে হামলাকারীরা। পরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। 

এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

ওসি আবুল কালাম আজাদ বলেন, “আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষের জড়ায় দুপক্ষ। এর আগেও কয়েকবার হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

“আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।” 

তিনি বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের  প্রস্তুতি নেওয়া হয়েছে।