২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে বিদেশি পিস্তল-গুলিসহ ছাত্রদলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারদের মধ্যে একজন গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 06:39 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদেশি দুটি পিস্তল ও গুলিসহ ছাত্রদলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ ছাড়া তাদের হেফাজত থেকে বিভিন্ন দেশি অস্ত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোরে উপজেলার উথুরী গ্রাম থেকে দুই ভাই এবং হাটুরিয়া এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার উথুরা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মো. কামরুল ও মো. ছাব্বির হোসেন। তারা ছাত্রদলের কর্মী। অপর গ্রেপ্তার মো. মুক্তার হোসেন (৩৬) উপজেলার হাটুরিয়া গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। মুক্তারের বিরুদ্ধে পরোয়ানা ছিল।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে সাব্বির ও কামরুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

একই সময় উপজেলা হাটুরিয়া থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছাত্রদল নেতা মুক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি দুটি পিস্তল, ম্যাগাজিন, একটি গুলি, দেশে তৈরি নয়টি অস্ত্র, চাইনিজ কুড়াল, রামদা ও তিনটি ছুরি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।