Published : 16 May 2026, 08:41 PM
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শনিবার শিক্ষার্থীর মা মামলা করেছেন বলে জানান কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম।
তিনি বলেন, “পুলিশ আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মামলায় মো. রাব্বি (৩০) নামে এক যুবকের নাম দিয়ে অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাতে ছোট ছেলেকে নিয়ে নদীতে চিংড়ি রেণু আহরণ করতে গিয়েছিলেন শিক্ষার্থীর মা। টিনের ঘরে একা ঘুমিয়ে ছিলেন কলেজছাত্রী। গভীর রাতে দুজন মুখোশধারী সেই ঘরে প্রবেশ করে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়।
ছাত্রী ধস্তাধস্তি শুরু করলে মুখোশধারীরা গলায় ধারালো বঁটি ধরে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে একজনকে আঘাত করে জানালা খুলে ছাত্রী চিৎকার দেন। তখন পাশের বাড়ির চাচা-চাচি ছুটে আসেন। এ সময় মুখোশধারীরা পালিয়ে যায়।
ছাত্রীর চাচি বলেন, “চিৎকার শুনে আমার স্বামীকে নিয়ে তাদের ঘরে যাই। গিয়ে আমরা বুঝতে পারি, কিছু একটা হয়েছে। পরে আলো জ্বালিয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকি। পরে দেখি ঘরে বেড়ার নিচে মাটি খোঁড়া।”