Published : 05 May 2026, 11:02 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিকে ‘অসম’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন বামপন্থিরা। এ দাবিতে তারা তারা বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সাম্রাজ্যবাদী ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে মঙ্গলবার সকালে বগুড়া উদীচী কার্যালয়ে বিভাগীয় প্রতিনিধি সভা হয়। পরে দুপুর আড়াইটায় নেতাকর্মীরা শহরের সাতমাথায় এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
সেখান থেকেই নেতারা মার্কিন বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানান। এ সময় তারা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিও জানান।
সাম্রাজ্যবাদী ও যুদ্ধবিরোধী জোটের জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতারা বলেন, জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর করেছে। কয়েকদিনের মধ্যেই নির্বাচন এবং নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসবে- একথা জেনেও এ ধরনের একটি চুক্তিতে স্বাক্ষর করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না।
নেতারা বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার এবং চুক্তি এখনো কার্যকর হয়নি। মালয়েশিয়া এরই মধ্যেই চুক্তি বাতিল করেছে, ভারত চুক্তি স্থগিত করেছে। তাই চুক্তি কার্যকর হওয়ার আগেই মালয়েশিয়ার মত বিএনপি সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তাক হোসেন, সিপিবি কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য মোশারফ হোসেন নান্নু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান, গণফ্রন্ট কেন্দ্রীয় সদস্য কাজী শওকত হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সিপিবি বগুড়া জেলা সভাপতি আমিনুল ফরিদ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন বগুড়া জেলা সমন্বয়ক আমিনুল ইসলাম, বাংলাদেশ জাসদ জেলা সাংগাঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুখু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য সচিব দিলরুবা নূরী।