১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল করা সেই নারী ‘সমন্বয়ক’ গ্রেপ্তার

তার বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল করা সেই নারী ‘সমন্বয়ক’ গ্রেপ্তার
গ্রেপ্তার মারইয়াম মুকাদ্দাস মিষ্টি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

টাঙ্গাইলে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বহুতল ভবন দখলে নিয়ে সেখানে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তিদের তোলা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার ‘সমন্বয়ক’ বলে পরিচয় দিতেন।  

তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত ১২টায় শহরের পশ্চিম আকুর-টাকুরপাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ।

গ্রেপ্তার মারইয়াম মুকাদ্দাস মিষ্টি বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের জশিহাটী গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে। তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

এর আগে শনিবার সকালে আওয়ামী লীগ নেতা জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) শহরের ছোট কালীবাড়ি রোডের ছয়তলা ভবনটি দখল করা হয়। এতে নেতৃত্ব দেন ‘সমন্বয়ক’ মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। পরে রাতে বাড়িটি দখলমুক্ত করে যৌথবাহিনী। সেই সময় মিষ্টিকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

এ ঘটনায় রোববার সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান (৫৮) সমন্বয়ক মিষ্টির বিরুদ্ধে টাঙ্গাইল থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়েছে, “টাঙ্গাইল সদরে আকুর টাকুর পাড়া (ছোট কালীবাড়ি রোড) বাদীর বাসার পঞ্চম তলাবিশিষ্ট ভবনের কেচি গেটের ষষ্ঠ তালা ভেঙে মিষ্টিসহ অজ্ঞাতপরিচয় আরও আট থেকে নয়জন পাঁচ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ছাড়া আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন।

“পূর্বপরিকল্পিতভাবে ভবনের তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রুমে প্রবেশ করায়। এ বিষয়ে মিষ্টির কাছে জানতে চাওয়া হলে, তিনি রেগে গিয়ে বলেন, ‘এই বাড়িতে বসবাস করতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় আগামী সাত দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে ফেলা হবে’।”

ওসি তানভীর আহম্মেদ বলেন, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, দখল ও চাঁদা দাবির অভিযোগে একটি মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে মিষ্টিকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের শনাক্তসহ গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‘ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে সাবেক এমপির বাসা দখল করে ‘মানসিক ভারসাম্যহীনদের আশ্রম’