১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে রওশন এরশাদের ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদ বলেন, “বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছে।”

ময়মনসিংহে রওশন এরশাদের ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুর
ময়মনসিংহ নগরীতে সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পৈত্রিক বাড়ি ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

ময়মনসিংহ নগরীতে সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈত্রিক বাড়ি ‘সুন্দর মহলে’ হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরীর টাউন হলের পাশের ভবনটিতে হামলা চালিয়ে ভেতরের আসবাবপত্র ও নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করে বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ৫ অগাস্ট পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের স্ত্রী রওশন এরশাদের পৈত্রিক বাড়িকে ‘দালাল মহল’ হিসেবে চিহ্নিত করা করে সাইনবোর্ড টানানো হয়েছিল। 

সম্প্রতি বজলুর রহমান ১২ বছরের জন্য বাড়িটি ভাড়া নিয়ে সেখানে ‘কুটুম বাড়ি’ নামে একটি রেস্তোরাঁ চালু করেছেন। তিনি সেখানে স্থাপনা নির্মাণের কাজও শুরু করেন। 

২৩ এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। 

এই অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। 

‘কুটুম বাড়ি’ রেস্তোরাঁর মালিক বজলুর রহমাননের শ্যালক আহসানুল করীম সাংবাদিকদের বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলা চালিয়ে এই ভাঙচুর করেছে। ‘দালাল মহল’ আখ্যা দিয়ে রওশন এরশাদের পৈত্রিক বাড়ি হওয়ায় সেখানে ভাঙচুর করা হয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদ বলেন, “‘দালাল মহল’কে বাণিজ্যিক ভবন বানানোর পায়ঁতারা করায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছে।” 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “রওশন এরশাদের পৈত্রিক বাড়িতে রেস্তোরাঁ নির্মাণ কাজ চলায় বৈষম্যবিরোধী ছাত্ররা ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “বাড়িকে ঘিরে ছাত্র-জনতার ক্ষোভ থাকায় সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা না করাই উচিত। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”