Published : 21 Aug 2024, 06:37 PM
সিলেটে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননদের বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রদল নেতা।
বুধবার দুপুরে সিলেট মহানগর হাকিম প্রথম ও দ্রুত বিচার আদালতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমদ মামলার আবেদন করেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল গফফার।
তিনি বলেন, “পরে আদালতের বিচারক সুমন ভূঁইয়া আবেদনটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।”
মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ছাড়াও আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাসহ ৮৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়াও আজ্ঞাতনাম আসামি করা হয়েছে আরও ৫০০-৬০০ জনকে।
মামলার এজাহার বলা হয়, গত ৪ অগাস্ট সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা চালান। এতে অনেকের সঙ্গে বাদী নিজেও আহত হয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত সিলেটে চারটি মামলা হয়েছে।
সোমবার সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
এছাড়া আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
একই আদালতে মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী সাজন আহমদ সাজু বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় সিলেট নগরীতে বিএনপির মিছিলে হামলা ও গুলির অভিযোগে মহানগর পুলিশ কমিশনার, সাবেক তিন সংসদ সদস্য, সাবেক মেয়রসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।