Published : 05 Aug 2026, 08:11 PM
জামালপুরের মাদারগঞ্জে একটি সমবায় সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাতের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক এক আমিরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকালে আসামিকে জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়।
কারাগারে যাওয়া আব্দুল ওয়াহেদ (৫৫) ‘আল আকাবা বহুমুখী সমবায় সমিতির’ পরিচালক ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির। এ ছড়া তিনি মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ।
মঙ্গলবার বিকালে তথ্য প্রযুক্তির সহায়তায় জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
পুলিশ জানায়, ২০২৫ সালে ভুক্তভোগী এক গ্রাহক আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। সবকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
ওসি স্নেহাশীষ বলেন, আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর ওয়াহেদকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, মঙ্গলবার ওয়াহেদকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে র্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।