Published : 21 Apr 2026, 08:18 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টা পর সঠিক প্রশ্নে পরীক্ষা কার্যক্রম চালানো হয়।
মঙ্গলবার সকালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
সারাদেশের ন্যায় সকাল ১০টায় এ কেন্দ্রেও পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানালেও তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
তারা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ভুল প্রশ্ন তুলে নিয়ে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয়। সেইসঙ্গে পরীক্ষার দেড় ঘণ্টা সময়ও বাড়ানো হয়। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই খাতা নিয়ে নেওয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মতিন সরকার বলেন, “ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরে সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।”
সিনহা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তারের অভিযোগ, তারা একাধিকবার শিক্ষকদের বিষয়টি জানালেও গুরুত্ব দেওয়া হয়নি। পরে নির্ধারিত সময় পার হওয়ার পর নতুন প্রশ্নপত্র দেওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়ানো হয়।
এ নিয়ে পরীক্ষা কেন্দ্রটিতে সাময়িক বিশৃঙ্খলাও দেখা দেয়। পরীক্ষায় দায়িত্বে যাদের অবহেলা ছিল তাদের শাস্তির দাবি জানান অভিভাবকরা।
ইউএনও আসিফ আল জিনাত বলেন, “বিষয়টি জানার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ঘটনায় কেন্দ্রসচিব মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়।”
এ বিষয়ে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন ইউএনও।