Published : 28 Aug 2026, 08:05 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছয় বছর বয়সি কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন সিদ্ধিরগঞ্জর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
মামলায় ৪০ বছর বয়সি আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে।
ওসি এমদাদুল বলেন, মঙ্গলবার বিকালে চকলেট খাওয়ানোর কথা বলে ও ১০ টাকা দিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান আমিনুল। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন মামলায় অভিযোগ করা হয়েছে।
এতে অসুস্থ হয়ে পড়লে কারণ জানতে রাতে শিশুটিকে জিজ্ঞাসা করেন পরিবারের সদস্যরা। তখন তার সঙ্গে হওয়া ঘটনার বিবরণ দেয় শিশুটি।
পরদিন শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখান থেকে শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
ঘটনার পর থেকেই আমিনুল ইসলাম পলাতক তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।