Published : 01 Aug 2025, 09:09 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নির্যাতনের মুখে বিষপানে এক গৃহবধূর মৃত্যুর খবর এসেছে।
এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নিহতের স্বামী আলমগীর হোসেনকে শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান।
পুলিশ ও স্বজনরা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের সিএনজিচালক আব্দুল হাইয়ের মেয়ে অন্তরার আক্তার সাথীর সঙ্গে চার বছর আগে বিয়ে হয় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেনের। তাদের সংসারে একটি ছেলে রয়েছে।
যদিও বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ লেগেই ছিল।
মেয়ের জামাইয়ের স্বচ্ছলতার জন্য শ্বশুরবাড়ি থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা কিনে দিলেও আলমগীর তা চালাতেন না।
বিভিন্ন সময় গাঁজা সেবন করে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার রাতে শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে বেধড়ক মারধর করেন আলমগীর। বৃহস্পতিবার আবার কলহ শুরু হলে বেলা এগারোটার দিকে বিষপান করেন অন্তরা। এসময় আলমগীর তার শাশুড়িকে ফোন করে তাদের মেয়ের বিষপানের কথা জানান।
পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে বৃহস্পতিবার বিকালে অন্তরা মারা যান।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, ওই গৃহবধূর লাশ ময়নাতদন্ত শুক্রবার ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অন্তরার বাবা আব্দুল হাই বাদী হয়ে স্বামী আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা করেন।