১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনসিপি নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজির অভিযোগের’ পর বৈছাআ নেতার উপর হামলা

সাফায়াত তূর্য বলেন, “এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে মারধর করা হয়।”

এনসিপি নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজির অভিযোগের’ পর বৈছাআ নেতার উপর হামলা
জামালপুরে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতার উপর হামলা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 12:10 AM

Updated : 26 Aug 2026, 01:28 PM

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতার উপর হামলা হয়েছে। 

রোববার দুপুর দেড়টার দিকে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভা শেষে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব সাফায়াত তূর্যকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাফায়াত তূর্য অভিযোগ করে সাংবাদিকদের বলেন, “আমি ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল আমাকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।”

তার ভাষ্য, “কয়েকদিন আগে আমি আমার ফেইসবুক আইডি থেকে আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের জের ধরেই আমার উপর এই হামলা চালানো হয়েছে বলে মনে করছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক নেত্রী দিয়া বলেন, “আমি, তূর্য এবং আরও একজন বন্ধু মিলে গল্প করছিলাম। এ সময় এক যুবক এগিয়ে এসে তূর্যকে জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? এরপরই হঠাৎ ২০-২৫ জন এসে হামলা চালায়।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আবিদ সৌরভ। বলেন, “আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। কে বা কারা হামলা করেছে আমি জানি না। তূর্য আহত হওয়ার খবর পেয়ে আমি নিজেই হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি।”

তুচ্ছ এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানান সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক।