১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়

“আব্দুল্লাহকে রেখে তার নানি একাই শামুক খুঁজতে বের হয়। এ সময় ডোবার পাড়ে নিখোঁজ হয় সে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 02:51 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নিখোঁজের একদিন পর এক শিশুর লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার সকালে উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তর পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঞা জানান।

মৃত ৫ বছর বয়সী আব্দুল্লাহ ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

স্থানীয়দের বরাতে পরিদর্শক মামুন ভূঞা বলেন, “আব্দুল্লাহকে নানা আজাদের কাছে থাকতো। তার বাবা চাকরির প্রয়োজনে ঢাকায় থাকেন। আব্দুল্লাহর নানি প্রতিদিন সকালে হাঁসের খাবার শামুক আনতে বাড়ির পাশের ডোবায় যান।

“মাঝে মাঝে আব্দুল্লাহও নানির সঙ্গে ডোবার পাড়ে গিয়ে বসে থাকত। মঙ্গলবার আব্দুল্লাহকে রেখে তার নানি একাই শামুক খুঁজতে বের হয়। এ সময় সবার অগোচরে ডোবার পাড়ে নিখোঁজ হয় সে।”

তিনি বলেন, “স্বজনরা দিনভর অনেক খোঁজাখুঁজির পর শিশুটির সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। স্থানীয়রা ফেইসবুকেও ছবিসহ হারানো বিজ্ঞপ্তি দেন।

“পরে বাড়ির পাশে একটি ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে সনাক্ত করেন।”

ঘটনাস্থল পরিদর্শন করে পরিদর্শক মামুন ভূঞা বলেন, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।