Published : 19 Jul 2026, 12:56 PM
পাবনার আতাইকুলায় নিখোঁজের পরদিন এক আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আতাইকুলা থানার ওসি মজিবর রহমান।
নিহত আব্দুস শুকুর (৪০) রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুস শুকুর। এরপর গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পায়নি।
শনিবার বিকালে এলাকার উজিরের বাগান নামের জঙ্গলের ভেতর স্থানীয়রা একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তারা এসে মরদেহটি আব্দুস শুকুরের বলে শনাক্ত করে।
ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বলেন, আব্দুস শুকুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
ওসি মজিবর রহমান বলেন, গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান ওসি।