শরীয়তপুরে প্রতিবেশীদের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার দুটি পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা মারামারিতে রুপ নেয়।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক।
নিহত ৬৫ বছরের নজরুল ইসলাম মোল্লা ওই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
“এক পর্যায়ে তা মারামারিতে রূপ নিলে থামাতে এগিয়ে আসেন প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা। কিন্তু এ সময় একটি লাঠির আঘাত পড়ে তার মাথায়। এতে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।”
তাকে দ্রুত উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি হাফিজুর রহমান মানিক আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
