১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার

প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শিশুটির খালা ও খালু তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

গোপালগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার
মোরসালিন শেখ ওরফে রাজু।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 04:31 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

গোপালগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার গভীর রাতে কাশিয়ানী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) জিয়াউল হক।

গ্রেপ্তার মোরসালিন শেখ ওরফে রাজু (২০) কাশিয়ানী উপজেলার কালাম শেখের ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি গোপালগঞ্জ সদর থানার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ৩ মে শিশুটি কাশিয়ানী থানায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশি রাজু ওই শিশুর খালার বাড়িতে নিয়মিত যাতায়াত করত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পুকুরে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় রাজু। পরে পুকুরের পাশে একটি জমিতে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে রাজু। 

এ সময় শিশুটি অজ্ঞান হয়ে গেলে রাজু পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর শিশুটি বাড়ি ফিরে তার খালাকে ঘটনা জানায়। পরে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

পরে শনিবার রাত সাড়ে ১১টায় কাশিয়ানী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। 

মামলার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হকের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও উপ-পরিদর্শক খায়রুল বাশার বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, মামলার চার ঘণ্টার মধ্যে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলো। 

তার আগেই পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আসামির পরিকল্পনা ব্যর্থ হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।