Published : 22 Dec 2024, 11:55 PM
ময়মনসিংহের মুক্তাগাছায় কবর তুলে আনা মানবদেহের কঙ্কালসহ দুই ‘পাচারকারীকে’ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪) ও জামালপুর জেলার মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)।
তারা বিভিন্ন এলাকার কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে পাচার করার সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, দুইজন রোববার ভোর ৫টার দিকে পাচারের উদ্দেশ্যে বস্তায় করে কঙ্কাল নিয়ে মুক্তাগাছা পৌরসভা গেইটের সামনে গাড়ির জন্য অপেক্ষায় ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন পুলিশে খবর দেন।
পুলিশ গিয়ে কঙ্কালসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বহন করা বস্তায় দুটি মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪টি, পাজরের হাড় ৩০টি, কোমড়ের হাড় চারটি, মেরুদণ্ডের নিচের হাড় দুটি, কাঁধের হাড় চারটি, চোয়ালের হাড় দুটি, মেরুদণ্ডের কশোরুকা ৩২টি, হাত ও পায়ের আঙুলের হাড় ২২টি, হাত ও পায়ের জয়েন্টের অংশবিশেষ ১৬টি একটি বস্তায় পাওয়া যায়।
তারা বস্তায় করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছেন।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি, ঢাকার রেলওয়ে থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা দেশব্যাপী চুরি করায় তৎপর। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”