Published : 11 Feb 2026, 02:18 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকার কথা জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি এম শাখাওয়াত হোসেন জানান, ভোটের দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে।
ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৪৭ সাল থেকে এ পথে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত শুরু করে। ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কখনও চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ হয়নি। এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সুষ্ঠুভাবে সম্পন্ন’ করার জন্য সরকার এ ব্যবস্থা গ্রহণ করেছে।
ওসি শাখাওয়াত হোসেন বলেন, “সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল করতে পারবেন না।”
শুক্রবার সকাল ৬টার পর থেকে আবার দুদেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক নিয়মে চলবে বলে জানান তিনি।