Published : 10 Mar 2026, 10:17 PM
বগুড়া সদরে ধানের তুষ ও নিম্নমানের পচা মরিচের গুড়া দিয়ে মসলা তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ফতেহ আলী বাজারের ছাতা পট্টির গলিতে এ অভিযান চালানো হয় বলে জানান বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
তিনি বলেন, গোপন খবর পেয়ে বেলা ১১টার দিকে র্যাব ও পুলিশের সহায়তায় ওই বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোলন নামের একটি খুচরা মসলা বিক্রির দোকানে এক বস্তা ধানের তুষ এবং এক বস্তা পচা ও নিম্নমানের মরিচ পাওয়া যায়।
পরে দোকান মালিক দোলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান মেহেদী হাসান।
তিনি বলেন, এ ছাড়া একটি মিলে ‘মৌরী হলুদ’ নামে নষ্ট ও নিম্নমানের পণ্য ভালো হলুদের সঙ্গে মেশানোর জন্য সংরক্ষণ করতে দেখা যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক রোকনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে ওই দুই প্রতিষ্ঠানের কোনো ধরনের লাইসেন্স ছিল না বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা। প্রতিষ্ঠানগুলোকে আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া সহযোগিতা করেন।