Published : 20 Jun 2026, 04:34 PM
মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদবরেরচর এলাকার তেলের পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি মো. কামাল হোসেন।
নিহত শুকরন বেগম (৭৫) দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের মোকশেদ হাওলাদারের স্ত্রী। তিনি মানসিকভাবে অসুস্থ্ ও শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে পদ্মা ও শিবচর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন শুকুরন বেগম।
স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, “খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে।”