Published : 18 Jun 2026, 08:47 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুধপাতিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে থাকা এসআই জগদীশ চন্দ্র বসু বলেন, এক মোটরসাইকেলে তিনজন ছিলেন। দুধপাতিলা গ্রামে একটি অবৈধ লেভেল ক্রসিং আছে। সেখানে মোটরসাইকেলটি রেললাইনের উপরে উঠে যায়। তখন ট্রেনটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার এবং অন্যান্য আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।