Published : 13 Nov 2025, 02:16 PM
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মধ্যে যশোর উপশহরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপশহরের ট্রাক স্ট্যান্ড এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান।
তিনি বলেন, ভোরে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, তবে স্থানীয়রা তা দেখতে পেয়ে দ্রুত নিভিয়ে ফেলে।
এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নেয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।
এ সময় তারা বিক্ষোভ মিছিল ও পথসভা করে লকডাউন কর্মসূচির তীব্র প্রতিবাদ জানায়।
পথসভায় জেলা জামায়াতের রেজা সহকারী প্রচার সম্পাদক আবুল হাশিম রেজা বলেন, “লকডাউনের নামে দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এই আগুন সন্ত্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে রাজপথে ছিল এবং থাকবে জামায়াতে ইসলামী।”
পরে বেলা ১২টায় শহরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হেসেন খোকনের নেতৃত্বে শহরে মিছিল করেছে বিএনপি।
মিছিলটি শহরের আরএন রোড থেকে শুরু হয়ে দড়াটানায় গিয়ে শেষ হয়।
এছাড়া, এদিন সকালে সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তিতাস উদ্দিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
তিতাস ওই গ্রামের শাহ আলমের ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ও ঢাকা উত্তর শাখার সহ-সভাপতি।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক বলেন, “গোপনে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে তিতাস উদ্দিনকে আটক করা হয়।”