সারা বছর মশা নিধনের কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
অনুষ্ঠানে বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে চলমান একটি প্রকল্পের মেয়াদ শেষে সরকারের কাছে হস্তান্তর করা হয়।
মশার বিস্তার রোধ করা না গেলে দেশে ডেঙ্গু রোগির সংখ্যা কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, “শুধু ঢাকা শহরে নয়, দেশব্যাপী সারা বছর মশা নিধনের কাজ করতে হবে। তবেই মশা কমবে, ডেঙ্গু রোগী কমবে, মৃত্যু কমবে। আমাদের কাজ ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া, সেটা করা হচ্ছে।”
রোববার দুপুরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে চলমান একটি প্রকল্পের মেয়াদ শেষে সরকারের কাছে হস্তান্তর করা হয়।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এ বছর ডেঙ্গুতে প্রায় দেড় লাখ লোক আক্রান্ত হয়েছেন, গতকালও দুই হাজারের মতো রোগি পেয়েছি, ১৫ জন মৃত্যুবরণ করেছে। এখনও হাসপাতালে প্রায় ১০ হাজার রোগী আছে। আমরা কিন্তু চিকিৎসা দিয়ে চলেছি।”
চিকিৎসা সেবার বাইরেও স্বাস্থ্য মন্ত্রণালয় সচেতনতামূলক নানা কাজ করছে জানিয়ে তিনি বলেন, “যেই কাজটি সিটি করপোরেশনের করার কথা, সেই কাজটিও আমরা করছি। এর বেশি আমাদের আর কিছু করার নেই।”
এসময় বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ও কইকার ভাইস প্রেসিডেন্ট লি ইয়ুন ইয়াং ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিমা খানমসহ কইকা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
