হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই-কনস্টেবল প্রত্যাহার
পুলিশের একটি দল বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পুলিশের এক এসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে তাদের চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (চুনারুঘাট-মাধবপুর সার্কেল) মোহাম্মদ রাফিউর রহমান।
ওই দুই পুলিশ সদস্য হলেন- চুনারুঘাট থানার এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রুহুল আমিন।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবী রেললাইনের মোড় থেকে কালীশিরী গ্রামের ছায়েদ মিয়া (৫০), তার মেয়ে জাসমিন আক্তার (২৪) ও ছোট ভাই ইউনুস মিয়াকে (৪৫)কে আটক করে পুলিশ।
তাদের কাছে ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ এনে থানায় নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ছায়েদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশীর যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার ওই বিরোধের একটি মামলায় হাজিরা দিতে তারা হবিগঞ্জ আদালতে যাচ্ছিলেন।
ওই তিনজনের অভিযোগ, পথে বগাডুবী রেললাইনের মোড়ে পুলিশ তাদের ইজিবাইক থামিয়ে তল্লাশি করে। এ সময় তাদের পকেটে ইয়াবা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেন। প্রায় সাত ঘণ্টা পর পুলিশ তাদের ছেড়ে দেয়।
অভিযোগের বিষয়ে এসআই মাসুম আল মামুনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ওই তিনজনের ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাফিউর রহমান বলেন, ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রুহুল আমিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
