বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য আটক
রোববার দুপুরে সীমান্ত পিলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে গাছবুনিয়া পাড়াবাসীর কাছে আশ্রয় নেন এই পাঁচ জন।
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) চার সদস্য ও সেনাবাহিনীর এক সদস্যকে বিজিবি আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক।
আটকরা হলেন- মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথুরা (৩৮), মিয়ানমারের আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।
স্থানীয়রা জানান, গাছবুনিয়া পাড়াটি ঘুমধুম ইউনিয়নের ৩৪ বিজিবি অধীনস্থ মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৪২ নম্বর সীমান্ত পিলার থেকে দেড় কিলেমিটার ভেতরে।
রোববার দুপুরে সেখানে স্থানীয় পাড়াবাসীর কাছে আশ্রয় নেন মিয়ানমারের সেনা ও বিজিপির পাঁচ সদস্য। পরে খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে বিওপিতে নিয়ে আসেন।
এ ব্যাপারে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম খাইরুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাটি সত্য। আটক ব্যক্তিদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে ওসি মাসরুরুল হক জানান, “মিয়ানমার সেনা ও বিজিপি সদস্য আটকের বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি।”
আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
