১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

“কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ‘মার্কিং পয়েন্ট’ দেখা যাচ্ছিল না,” বলেন বিআইডব্লিটিসির আব্দুস সালাম।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 11:56 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া রুটে এবং আরিচা ও পাবনার  কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

বিআইডব্লিটিসির ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি বন্ধ হয়ে যায়। আর সোয়া ৮টার দিকে বন্ধ হয়ে যায় আরিচা ও কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল। 

তিনি বলেন, “সন্ধ্যা ৬টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। পরে সোয়া ৭টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।” তিনি জানান, এই পথে মাঝ নদীতে তিনটি ফেরি— ‘শাহ মখদুম’, ‘এনায়েতপুরী’ ও ‘ভাষা শহীদ বরকত’ নোঙর করা রয়েছে। 

অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌপথে ‘হামিদুর’ ও ‘ধানসিঁড়ি’ নামের দুটি ফেরি মাঝ নদীতে নোঙর করা রয়েছে।