ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার মালামাল নিয়ে তিতাসে নৌকাডুবি
নৌকাটিতে আখাউড়ার বড়বাজার, সড়ক বাজার ও লাল বাজারের অন্তত ৫০ থেকে ৬০ জন ব্যবসায়ীর মালামাল ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিতাস নদীতে মালাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে নদীর উপজেলার বড়বাজার ঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম।
তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য একটি বড় নৌকায় তোলা হয়। মধ্যরাতে পণ্যবাহী নৌকাটি আখাউড়া উপজেলার বড়বাজার ঘাটের উদ্দেশে রওয়ানা দেয়।
সকালে নৌকাটি বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় তিতাস নদীর স্রোত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী নৌকাটির সঙ্গে মাছ ধরার একটি নৌকার ধাক্কা লাগে। পরে নৌকাটি কাত হয়ে উল্টে যায়।
এতে নৌকায় থাকা মালামালের অধিকাংশই পানিতে তলিয়ে যায়। নৌকাটিতে অতিরিক্ত পণ্য ছিলো বলে ধারণা করা হচ্ছে। মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয় লোকজন কাজ শুরু করেছেন।
বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। নৌকাটিতে প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল ছিল বলে ধারণা করা হচ্ছে।
মেসার্স হিরালাল সাহার মালিক বলেন, নৌকায় উপজেলার বড়বাজার, সড়ক বাজার ও লাল বাজারের অন্তত ৫০ থেকে ৬০ জন ব্যবসায়ীর মালামাল ছিল। কারো এক লাখ টাকা, কারো দেড় লাখ টাকার এবং আবার কারো দুই লাখ টাকার মালামাল ছিল।
“আমার লাখ টাকার মুদি মাল ও চালসহ ৭ থেকে ৮ ধরনের পণ্য ছিল। কিছু মাল নৌকার মাঝি উদ্ধার করেছেন। কিছু মালামাল স্থানীয়রা নিয়ে যাচ্ছে। তবে নৌকা ও মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি”, বলেন তিনি।
ওসি জাবেদ উল ইসলাম বলেন, উদ্ধার কাজ চলছে। ব্যবসায়ী ও তাদের শ্রমিকরা মালামাল উদ্ধারে কাজ করছেন।
