বরিশালে বাস থেকে ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার
জাহিদা বেগম কক্সবাজারের টেকনাফের আরসি নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মো. তাহেরের মেয়ে।
ঢাকা থেকে পটুয়াখালীগামী বাস থেকে এক হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ জানিয়েছেন।
গ্রেপ্তার জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের আরসি নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মো. তাহেরের মেয়ে।
এয়ারপোর্ট থানার এসআই আল আমিন নাইম বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি দল কলসগ্রাম জল কাদের মোল্লা মসজিদের সামনে অবস্থান নেয়। তখন মামুন পরিবহেন বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ জাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ বলেন, এ ঘটনায় এসআই আল আমিন নাইম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বিকালে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
