Published : 11 Feb 2026, 07:49 PM
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্প সময়ের মধ্যে আগুন নেভানো গেলেও আশেপাশের এলাকায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ‘ওপেন ইয়ার্ডে’ এ ঘটনা ঘটে বলে জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
‘যান্ত্রিক গোলযোগের’ কারণে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ইউএনও।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনার পরপর আশেপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানা এলাকাতেও বিদ্যুৎ সংযোগ নেই।”
অগ্নিকাণ্ডের ঘটনার পর উপকেন্দ্রটি পরিদর্শন করেছেন ইউএনও শিবানী সরকার। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দর অংশের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বেও রয়েছেন।
তিনি বলেন, “আমরা এখানে এসেছিলাম। বিদ্যুৎ গ্রিডের যিনি ইনচার্জ এবং ডিজিএম এর সঙ্গে কথা হয়েছে। তাদের ভাষ্য, যান্ত্রিক গোলযোগ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। তবে, আগুন দ্রুত সময়ের মধ্যে নিভিয়ে ফেলা হয়।”
সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে ইউএনও বলেন, ১০ মিনিট আগে বিদ্যুৎ সরবরাহ আবার চালু হয়েছে।