০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে সন্তানসহ দম্পতির লাশ উদ্ধার

ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 10:40 AM

Updated : 11 Sep 2026, 03:17 PM

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও তাদের আট মাসের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার গভীররাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধারের খবর জানান মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাসের শিশু সন্তান।

ওসি আবুল কালাম আজাদ বলেন, “আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকতেন মিষ্টি বাড়ৈ। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার যতীন বাড়ৈয়ের স্ত্রী।

“রোববার বিকালে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য ওই বাসায় যান। রাতে চিন্ময় তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।”

তিনি বলেন, “ঘটনার সময় পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার কাছে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়।

“এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় মিষ্টি বাড়ৈকে রাখা হয়েছে।”

নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।