Published : 22 Aug 2025, 07:02 PM
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের হেফাজতে থাকা যুবকের মৃত্যুতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এরপর এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম শুক্রবার বিকালে বলেন, “থানা হেফাজতে দুর্জয় চৌধুরী নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।”
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই মোহাম্মদ হানিফ মিয়া, কনস্টেবল মহি উদ্দিন ও ইশরাক হোসেন।
দুর্জয় চাকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ার কমল চৌধুরীর ছেলে। চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটরের দায়িত্বে ছিলেন দুর্জয়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্জয়ের বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাকে থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে দুই লাখ ৮৩ হাজার টাকা জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মামলা করেন।
ভোরে চকরিয়া থানা হাজতের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, দুর্জয় চৌধুরী আত্মহত্যা করেছেন।
এ ঘটনার প্রতিবাদে বিকাল ৩টার দিকে বিক্ষোভ করেন স্থানীয়রা।
এ সময় চকরিয়া ইমাম সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
কফিল উদ্দিন প্রশ্ন রেখে বলেন, “প্রিজন সেলে কিভাবে মানুষ মারা যায়? আসামি রাখার তো একটা জায়গা আছে, রিমান্ডে তাকে তোমরা মারলা কেন? টর্চার করলা কেন? ফাঁসি খেলো কিভাবে? সে ফাঁসি খেয়েছে, নাকি তাকে ফাঁসি দেওয়া হয়েছে? এসবের উত্তর চকরিয়ার মানুষ জানতে চায়।”
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাশ বলেন, “আত্মহত্যার দৃশ্য কিছুটা দূরত্বের কারণে সরাসরি ধারণ না হলেও দুর্জয়ের চলাফেরা ও অন্যান্য কার্যকলাপের দৃশ্য থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে।”
পুলিশ সদস্যদের গাফিলতি আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, সামগ্রিক বিষয়টি নিয়ে তদন্ত কমিটি কাজ করছে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “চকরিয়া থানা হাজতে যুবকের আত্মহত্যার ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে তদন্ত কমিটি করা হয়েছে। নির্বাহী হাকিম ঘটনাস্থলে এসে সুরতহাল করেছেন।”
তদন্ত কমিটি নিরূপণ করবে ঘটনাটি কী ছিলো এবং ময়নাতদন্তের প্রতিবেদনে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
চকরিয়া থানার হাজতে যুবকের ঝুলন্ত লাশ, পুলিশের দাবি 'আত্মহত্যা'