Published : 17 Jul 2026, 09:47 PM
বর্তমান জাতীয় সংসদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা থাকার কথা বলেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
তিনি বলেছেন, “২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর নির্বাচিত বর্তমান জাতীয় সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আগের তুলনায় আরও বিস্তৃত হয়েছে।”
শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, “জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদকে ঘিরে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের অংশগ্রহণ ও মতপ্রকাশের সুযোগ আরও প্রসারিত হয়েছে।”
তিনি বলেন, “জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবে। সরকারি ও বিরোধী দল উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর ও জনমুখী করার চেষ্টা চলছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের সেই ত্যাগের মর্যাদা রক্ষায় আমরা কাজ করছি।”
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।