ইউনূস দেশে ‘মব কালচারের’ জন্ম দিয়েছেন: জাপা মহাসচিব
‘মেটিকুলাস ডিজাইনে’ জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শামীম হায়দার পাটোয়ারী।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশে ‘মব কালচারের’ জন্ম দিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেনছেন, “আমরা স্বীকার করছি ড. ইউনূসের ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে সরকার। জাতীয় ঐক্য নষ্টকারী ইউনূস দেশের ইতিহাসে মব কালচারের জন্ম দিয়েছেন। দেশ এখন খাদের কিনারে।”
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এতে জেলার বিভিন্ন উপজেলার নেতারা অংশ নেন।
বিএনপি সরকারের সমালোচনা করে শামীম হায়দার বলেন, “বর্তমান সরকার দেশের কোনো সংকট সমাধান করতে পারছে না। দেশে বিদ্যুৎ, গ্যাস, সার নাই। গঙ্গাচুক্তি পুনরায় না হলে কিছুদিন পরে দেশে পানিও থাকবে না।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, “মেটিকুলাস ডিজাইনে সারা দেশে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে। রংপুরে জিএম কাদের কখনো হারার কথা না। জাতীয় পার্টিকে মাত্র শূন্য সাড়ে আট ভাগ ভোট দেখানো হয়েছে।
“এভাবে সারা দেশে এরশাদের জনপ্রিয় দল জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি ছাড়া সংসদ অকার্যকর। সংসদে এখন সংসদীয় চর্চা হচ্ছে না।”
দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, রংপুরে সংখ্যালঘু পরিবারের চারজনকে নির্মমভাবে খুন করা হয়েছে। দেশে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ বেড়েছে।
“আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। জাতি এখন অন্ধকারে নিমজ্জিত। এই অবস্থায় জাতীয় পার্টিই দেশকে সংকট থেকে উদ্ধার করতে পারে”, বলেন তিনি।
মতবিনিময় সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, আলমগীর শিকদার, আরিফুর রহমান খান, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন এবং সাধারণ সম্পাদক নাজমুল হুদা হিমেল বক্তব্য দেন।
