Published : 05 Jun 2026, 02:38 PM
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী একটি আমন ধানের জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে এক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের পদ্মা নদীর পাড় থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয় বলে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম জানিয়েছেন।
নিহত ২০ বছর বয়সী জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা গোলাম আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, গত দুদিন ধরে জয় মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদের কাজ করছিলেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি পদ্মা নদীর তীরবর্তী একটি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছিলেন। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে প্রায় সম্পূর্ণ ডুবে যায়। এতে চালক জয় বিশ্বাস ট্রাক্টরের নিচে আটকা পড়েন।
রাতের বেলায় ঘটনাস্থলে অন্য কেউ না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ওহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে জয়ের মরদেহ উদ্ধার করে। ট্রাক্টরটি নদীর পাড়ে কিছুটা তলিয়ে গিয়েছিল পুরোটা ডুবে ছিল না।”
তিনি বলেন, “আমাদের ধারণা, চালকের ঘুমিয়ে পড়া কিংবা নদীর পাড়ের মাটি ভেঙে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।”
চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হক বিশ্বাস বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভূবনেশ্বর নদে কিশোরীর লাশ
শুক্রবার সদরপুর উপজেলার চরকৃষ্ণপুর এলাকায় ভূবনেশ্বর নদে ভাসতে থাকা এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ১৪ বছর বয়সি ওই কিশোরীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
সদরপুর থানার এসআই মো. আসাদুজ্জামান রিপন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।