Published : 06 Aug 2026, 11:49 AM
বিভিন্ন পেশাজীবীর ছদ্মবেশ নিয়ে পুলিশ নড়াইলে এক আসামিকে গ্রেপ্তার করেছে যিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বুধবার রাত ৮টার দিকে কালিয়া উপজেলার জোকারচর গ্রাম থেকে ডাকাতিসহ ৯টি মামলার ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি ইদ্রিস আলী।
গ্রেপ্তার আরোজ আলী শেখ (৫০) ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে। তাকে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা বলছে পুলিশ।
পুলিশ জানায়, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় একটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটিসহ ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির একাধিক মামলা রয়েছে।
ওসি ইদ্রিস আলী বলেন, বিভিন্ন থানার ডাকাতি, চুরি, সন্ত্রাসী, অস্ত্র মামলার আসামি আরোজ আলী শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। নানাভাবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে লুকিয়ে রাখছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে তাকে গ্রেপ্তার করতে বুধবার সকাল থেকে পুলিশ সদস্যরা তার বাড়ির চারদিকে কেউ কৃষক, ভ্যানচালক, হকার বা কেউ মুদিদোকানির ছদ্মবেশ ধারন করে অবস্থান করছিলেন।
পরে রাত ৮টার দিকে তার বাড়ির পাশের বাগানের মধ্য ছোট্ট একটি খুপড়ি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে এই আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।