Published : 08 Jun 2026, 03:02 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক বছর পাঁচ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ জনে।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত খাদিজা হাবিগঞ্জের মাধবপুর উপজেলার সোহাগ মিয়ার মেয়ে।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭০ জন চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া একইসময়ে হাম সন্দেহে আরও ৫৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৬৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬২ জনের মৃত্যু হয়েছে; আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।