Published : 05 Dec 2025, 11:38 AM
কুড়িগ্রামে টানা পাঁচ দিন থেকে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে নাকাল হয়ে পড়েছে জেলার জনজীবন।
বেশি বিপাকে পড়েছেন বৃদ্ধ, শিশু ও দিনমজুররা। শীতের কারণে অনেক দিনমজুরের কাজ বন্ধ হয়ে গেছে। ঠিক মতো কাজে যেতে না পারায় আর্থিক কষ্টে দিন কাটছে তাদের।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুক্রবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ।
তিনি বলেন, গত ৫ দিন ধরে জেলার তাপমাত্রা নিম্নমুখী, ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এমন ঠান্ডায় কষ্ট বেড়েছে জেলার ১৬ নদ-নদীর তীরবর্তী ও চরাঞ্চলের মানুষদের। জেলার ৪৬৯টি চরের মধ্যে ২৬৯টিতেই মানুষের বসবাস আছে। ঘরবন্দী হয়ে পড়েছেন এ সব চরের অধিকাংশ মানুষ।
বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উলিপুর, চিলমারী, রৌমারী ও চররাজিবপুর উপজেলার চরে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি।
ধরলার পার এলাকার ফজলু মিয়া (৬০) বলেন, “আমরা গরীব মানুষ। ঘরে পড়ার মতো গরম কাপড় নাই। রাতে ঘুমাইতে গেলে ঠান্ডায় শরীর জমে যায়।”
শিক্ষার্থী রাকিব জানায়, “রাতে আর সকালে রাস্তায় বের হওয়া যায় না ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে। সকালে স্কুল যাওয়া খুব কষ্ট হয়।”
গৃহকর্মী রেহানা, পারুল ও গোলে বেওয়া জানান, “পানি তো বরফের মতো ঠান্ডা। দীর্ঘ সময় ঠান্ডায় কাজ করলে শরীর জমে যায়।”
আগের সংবাদ