তারেক রহমান দেশে ফিরলেই বগুড়ার বাসা সংস্কার: বিএনপি নেতা লালু
“বাসাটি আগে সংস্কার করলে অনেক কথা হত। তিনি কবে দেশে ফিরবেন বলেননি। ফিরলে প্রথম দিকে ঢাকায় ব্যস্ত থাকবেন। এর মাঝে বাসাটি সংস্কার করব।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে তার বগুড়া শহরের বাসাটি সংস্কার করার কথা বলেছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান লালু।
শহরের সূত্রাপুর এলাকার রিয়াজ কাজী লেনে বাসাটির অবস্থান। বাসাটি অযত্ন ও অবহেলায় দাঁড়িয়ে আছে। বর্তমানে বাসাটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অথচ দেশে থাকা অবস্থায় তারেক রহমান উত্তরের কোনো জায়গায় গিয়ে ফেরার পথে বগুড়ার এ বাসায় রাত্রি যাপন করতেন।
এ বাসা থেকে তারেক রহমান বগুড়া তথা উত্তরের জেলাগুলোর নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন বলে জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লালু।
নেতাকর্মীরা জানান, অনেক বছর আগে সাবেক সংসদ সদস্য লালু তার বাসার পাশে পাঁচ শতাংশ জমি তারেক রহমানকে মৌখিকভাবে দেন। পরে সেখানে বাড়ি নির্মাণ করেন তারেক রহমান। বিশেষ নিরাপত্তা অনুযায়ী বাড়ির নকশা করা হয়। মূলত এই বাড়িটিকে ঠিকানা হিসাবে নিয়েছিলেন তিনি।
ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং পরে মুক্ত হয়ে লন্ডন চলে যান। এরপর থেকে বাড়িটিতে কোনো কেয়ার টেকারও থাকে না। বাড়ির গেইট এবং দেয়ালের রং চটে গেছে। অনেকটা পরিত্যক্ত। লোকজন যখনই ওই বাড়ির পাশ দিয়ে যায়, এক নজর হলেও তাকিয়ে থাকে।
খালেদা জিয়ার অসুস্থতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমান দেশে ফিরবে এমনটি জানা গেলেও বাড়িটি সংস্কার হয়নি। এ ছাড়া বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনও করতে যাচ্ছেন তারেক রহমান। সেক্ষেত্রে বাড়িটি নির্বাচনের প্রধান কেন্দ্র হবে বলে ধারণা করা হচ্ছে। তাই বাসাটি দ্রুত সংস্কার করা উচিত বলে মনে করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান লালু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাসার পাশেই তারেক রহমানের বাসা। আমি জায়গাটি উনাকে দিলেও নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে বাসা নির্মাণ করেন তিনি।
“ওই বাসা থেকেই বগুড়া তথা উত্তরের সংগঠনের খোঁজ নিতেন। সেখানে রাতভর রাজনৈতিক আলোচনা করতেন তারেক রহমান। আর বাড়ির বাইরে হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করতেন।”
তিনি বলেন, “বাসাটি আগে সংস্কার করলে অনেক কথা হত। তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়। কবে দেশে ফিরবেন বলেননি। দেশে ফিরলে প্রথম দিকে ঢাকায় ব্যস্ত থাকবেন। এর মাঝে দ্রুত বাসাটি সংস্কার করব। কারণ বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন।”
