Published : 23 Dec 2025, 05:30 PM
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চরের জমির দখলকে কেন্দ্র করে ‘দুদল সন্ত্রাসীর’ মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও কয়েকজন।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, মঙ্গলবার সকালের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চরে এই সংঘর্ষ লাগে।
ওসি ঘটনাস্থলে আছেন জানিয়ে বলেন, এর মধ্যে একটি লাশ জেলা শহরে রয়েছে। বাকি চারটি মরদেহ ঘটনাস্থলে আছে।
এখন পর্যন্ত এ ঘটনায় নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে আলাউদ্দিন (৪০)।
নিহত বাকি তিনজন এবং আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ অগাস্টের পর জাহাজমারা ইউনিয়নের ‘কোপা সামছু বাহিনী’ জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে।
এরপর সুখচর ইউনিয়নের ‘আলাউদ্দিন বাহিনী’ জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুই পক্ষ আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়।
এ নিয়ে বিরোধের মধ্যে সকাল ১০টার দিকে দুপক্ষের লোকজন প্রথমে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে গোলাগুলি শুরু করে।
এতে বেশ কয়েকজন হতাহত হয়। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।