Published : 26 Jul 2026, 01:48 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ, র্যাব ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা শনিবার রাত ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর ওই ব্যাগ থেকে একটি ছেঁড়া পুরোনো কাপড় উদ্ধার করে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেছেন, “ব্যাগটির ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।”
সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘ইউনাইটেড ফিলিং স্টেশনে’ তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে শনিবার রাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা সন্দেহে পুলিশ, র্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায়।
প্রায় আড়াই ঘণ্টার উৎকণ্ঠার পর ব্যাগটি খুলে ছেঁড়া পুরোনো কাপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ডাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
পুলিশ ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এক নারী একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ ইউনাইটেড ফিলিং স্টেশনে রেখে চলে যান। দীর্ঘ সময় ব্যাগটি সেখানে পড়ে থাকায় কর্মচারীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি থানায় জানায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেন।
সতর্কতার অংশ হিসেবে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে ওই সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক নেই। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ সুপার মিজানুর বলেন, “ব্যাগের ভেতরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তার স্বামী মো. মোশারফ সরকারের নামে ইস্যু করা একটি পেশাদার ডাইভিং লাইসেন্স, একটি পার্স এবং কিছু ছেঁড়া কাপড়-চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে ফেলে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।”