Published : 12 Feb 2026, 03:42 PM
মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে বলে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক জানান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, একজন কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ দিয়ে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের মতো শব্দ হয় এবং ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে মোটরসাইকেলের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে।
ইউএনও মাহফুজুল হক বলেন, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।
তিনি বলেন, “মোটরসাইকেলে আগুনের ঘটনায় বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।”