২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে এনজিও কর্মীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা

আহত শ্যামল গোপালগঞ্জের খ্রিস্টানদের স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ব মুক্তবাণী সংস্থার কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ।

গোপালগঞ্জে এনজিও কর্মীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা
আহত শ্যামল মণ্ডলকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 09:17 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

গোপালগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সভায় হামলা চালিয়ে এক কর্মীকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। 

শনিবার বেলা পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বিশ্ব মুক্তবাণী সংস্থার কার্যালয়ে (ডগলাস) এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান। 

আহত শ্যামল মণ্ডল (৪৯) গোপালগঞ্জ সদর উপজেলা করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের নকুল বিশ্বাসের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শ্যামল গোপালগঞ্জের খ্রিস্টানদের স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ব মুক্তবাণী সংস্থার কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ।

সংস্থাটির নির্বাহী পরিচালক শলোমন অপূর্ব বাড়ৈ অভিযোগ করে বলেন, “গোপালগঞ্জে সংস্থার জায়গা দখল করার জন্য দীর্ঘদিন পাঁয়তারা করছেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এন্ড্রু বিশ্বাস। 

“শনিবার সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্ধারিত সভা চলছিল। সভা শুরু হওয়ার কিছু সময় পর ৪০ থেকে ৫০ লোকজন নিয়ে সভা কক্ষে প্রবেশ করেন এন্ড্রু বিশ্বাস। 

“তারা উপস্থিত সদস্যদের বেধড়ক মারপিট করে, আতঙ্কে সদস্যরা দৌড়ে বের হয়ে যায়। এসময় সংস্থার ট্রেজারার শ্যামল মন্ডলকে কক্ষে আটকে প্রথমে মারপিট, পরে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।” 

পরে সংস্থার সদস্যরা শ্যামলকে উদ্ধার করে প্রথম গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়।  

সংস্থার সাধারণ সম্পাদক ও খুলনার ট্রাবোনাকাল গ্রেস এজি চার্চের পুরোহিত দানিয়েল বৈদ্য বলেন, “বৃহস্পতিবার এন্ড্রু বিশ্বাস খুলনায় এসে আমাকে সভায় উপস্থিত না হওয়ার জন্য হুমকি দেয় এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি গোপালগঞ্জের আসলে আমাকে দেখে নেবে বলেও হুমকি দিয়ে আসে।”

তিনি আরও বলেন, “এন্ড্রুর উদ্দেশ্য গোপালগঞ্জ বিশ্ব মুক্তবানী সংস্থার জায়গা দখল করে সেখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। তাই তার নেতৃত্ব প্রভাস বাড়ৈ, দীলিপ বাড়ৈ, আইজ্যাক বাড়ৈ, জুয়েল বাড়ৈ, মিকাইল বাড়ৈ, লিটন বল্বব, সুকলাল মজুমদারসহ ৪০-৫০ লোক এ হামলা করে।”

এ বিষয়ে এন্ড্রু বিশ্বাসের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে জায়গা দখলের যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।”

সংস্থা সাধারণ সম্পাদক দানিয়েল বৈদ্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে তিনি বলেন- “আমি তার বড় ভাই হিসেবে একটা থাপ্পড় মেরেছি। ”

“তবে আজ (শনিবার) আমার কোনো লোক হামলা করেনি। কারা তাদের উপর হামলা করেছে বা পুড়িয়েছে তা আমার জানা নেই। ”

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুলাহ রাজিব বলেন, “শ্যামল মণ্ডলের বুক, পেট, দুই হাতের সব জায়গায় পুড়ে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠিয়েছি।”

ওসি মির সাজেদুর রহমান বলে, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে আমরা জানতে পারি হামলা ও একজনকে অগ্নিদগ্ধ করার খবর পাই। পরে সেখানে ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। 

“তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”