১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুদানে নিহত কুড়িগ্রামের ২ শান্তিরক্ষীকে গ্রামের বাড়িতে দাফন

দুপুরে দুই সেনা সদস্যের লাশ ঢাকা থেকে সামরিক হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে নেওয়া হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মধ্যে কুড়িগ্রামের দুইজনকে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

রোববার দুপুরে দুই সেনা সদস্যের লাশ ঢাকা থেকে সামরিক হেলিকপ্টারে করে উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয়।

পরে আলাদা অ্যাম্বুলেন্সে মো. মমিনুল ইসলামের মৃতদেহ উলিপুরের উত্তর পকণ্ডুল গ্রামে এবং অন্য সেনা সদস্য শান্ত মণ্ডলকে রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নিয়ে যাওয়া হয়। লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে দুই সেনা সদস্যের মৃতদেহ তাদের গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় দাফন করা হয়।

নিহত মমিনুল ইসলাম ২০০৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি চলতি বছরে মিশনে যোগ দেন। দুই কন্যা সন্তানের জনক তিনি। মমিনুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অপর নিহত শান্ত মণ্ডল ২০১৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। দুই বছর আগে দিলরুবা আক্তার বৃষ্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শান্ত। বর্তমানে বৃষ্টি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পরিবার।

এর আগে শনিবার বেলা ১০টা ৫০ মিনিটে নিহত শান্তিরক্ষীদের কফিন বহনকারী বিমান শাহাজালাল বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে আইএসপিআর।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয় বাংলাদেশি নিহত এবং আটজন আহত হন। নিহতদের মধ্যে কুড়িগ্রামের মমিনুল এবং শান্ত ছিলেন।