Published : 07 Oct 2025, 03:44 PM
ভ্যাপসা গরম ও আকস্মিক ঝড়বৃষ্টির পর নওগাঁয় মঙ্গলবার ভোরে দেখা মিলেছে ঘন কুয়াশার। জেলার মানুষ এটিকে শীতের আগমনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
মঙ্গলবার ভোরে জেলাজুড়ে নেমে আসে ঘন কুয়াশা। সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে শহর ও গ্রামের পথঘাট। এ সময় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন।
সমাজকর্মী মহাদেবপুর উপজেলার বাসিন্দা জয়নাল আবেদীন মুকুল বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে আশ্বিন মাসেও ভ্যাপসা গরম ও ঝড়-বৃষ্টিতে জেলার জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে।
“এই সময়ে আকস্মিক এই ঘন কুয়াশা এবং ধানের পাতার ডকায় শিশির বিন্দুকেকে জেলাবাসী শীতের আগাম বার্তা হিসেবে দেখছেন।”
সদর উপচজলার হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা বলেন, “গরম আর ঝড়-বৃষ্টিতে জেলার মানুষজন চরম ভোগান্তি পোহাচ্ছেন। এই কুয়াশা জনজীবনে স্বস্তির পরশ নিয়ে এসেছে।”
তবে জেলায় কুয়াশা দেখা দিলেও তাপমাত্রার কোন পরিবতন আসেনি।
নওগাঁ বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মিজানুর রহমান জানান, মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, “আশ্বিন মাসের শেষ দিকে ঘন কুয়াশা শীত আগমনের জানান দিচ্ছে। কুয়াশার কারণে তাপমাত্রা নিচে নামতে পারে।”