২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আচরণবিধি ভঙ্গ: নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 07:44 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদ হোসেনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত চিঠিতে এই কারণ দর্শনোর নোটিস দেওয়া হয়।

মাকসুদ হোসেন (আনারস) মুছাপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান। তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি। চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে তার ছেলে মাহমুদুল হাসান শুভও মাঠে রয়েছেন (হেলিকপ্টার)।

বন্দরে আওয়ামী লীগ, 'বিএনপি' আর জাপা নেতার লড়াই

রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, “চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা ভঙ্গ করে নির্বাচনি এলাকায় প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ প্রায় ১০০ মোটরযান নিয়ে শোডাউন করেছেন৷এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।”

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় তাকে ১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা।

এ বিষয়ে জানতে মাকসুদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেন নাই।

এর আগে গত শনিবার আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটানোয় চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনকে শোকজ নোটিস দেওয়া হয়েছিল।