লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল
২০১২ সালের ১৬ মে ভুট্টা বোঝাই পিকআপে তল্লাশি চালিয়ে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
লালমনিরহাটে আদিতমারী উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রওশন আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান।
সাজা পাওয়া হুমায়ুন আহমেদ কবির উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান।
মামলার বরাতে এপিপি ফেরদৌসী রোজি বলেন, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন লালমনিরহাট থেকে একটি ভুট্টা বোঝাই পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে জেলা শহরের পুরান বাস স্ট্যান্ড এলাকায় পিকআপে তল্লাশি চালায় পুলিশ।
এ সময় পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে হুমায়ুন ও তার সহযোগী সেকেন্দার আলীকে আটক করা হয়।
পরে এ ঘটনায় লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন বলে জানান এপিপি ফেরদৌসী রোজি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ১৫ দিন বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
রায় ঘোষণা শেষে বিকালে ইউপি চেয়ারম্যান হুমায়ুনকে কড়া পাহারায় জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
