১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নাটোরে প্রাইভেট কার থামিয়ে গাড়ির ভেতরেই চালককে ছুরিকাঘাতে হত্যা

“সাইদুর রহমান গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 09:56 AM

Updated : 26 Aug 2026, 01:32 PM

নাটোরের লালপুরে এক প্রাইভেট কার চালককে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার ওসি মমিনুজ্জামান।

নিহত সাইদুর রহমান (৩৫) কুষ্টিয়ার ভেড়ামারার বামনগ্রাম এলাকার প্রয়াত আলতাব হোসেনের ছেলে।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে প্রাইভেট কারটি লালপুর দিয়ে নাটোরের বনপাড়ায় যাচ্ছিল। গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে পৌঁছালে, গাড়িটি থামিয়ে চালক সাইদুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা। 

এ সময় সাইদুর গাড়ি থেকে বের হয়ে বাঁচার চেষ্টা করলেও ঘটনাস্থলেই পড়ে যান। এরপর স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ দেখে থানায় জানালে পুলিশ দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাইভেট কারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতেই তাকে হত্যা করা হয়েছে। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, “সাইদুর রহমান গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনার রহস্য বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান, জেলা পুলিশের ওই কর্মকর্তা।