১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি: কুমিল্লায় জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে

ফলাফল অনুযায়ী, এ বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 04:05 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে আছে।  

বৃহস্পতিবার দুপুর ২টায় বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসএসসির ফলাফল ঘোষণা করে এ তথ্য জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম।  

ফলাফল অনুযায়ী, এ বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৯০২ শিক্ষার্থী। 

এ বছর মোট এক লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে এক লাখ ছয় হাজার ৫৮১ জন। 

এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। 

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা। 

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, এই শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান ও জিপিএ-৫ কমেছে।  

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ এবং জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০।

গত বছর যেখানে শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮, এ বছর এই সংখ্যা মাত্র ২২টি।    

ফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাসছীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সারাদেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৬৬ শতাংশ।

এই হিসাবে এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।