Published : 04 Jun 2026, 03:09 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অস্তত ৫০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে শৈলকুপা থানার পরিদর্শক সাকিল আহমেদ জানিয়েছেন।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেষ্টপুর গ্রামের মোমিন মিয়া বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ অবস্থান শক্ত করতে মাঠে নেমেছেন। বেষ্টপুর গ্রামের মতিয়ার রহমান এবং তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী আড়ুয়াকান্দি গ্রামের আমিরুল ইসলাম দল গোছানো ও সমর্থক বাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
“কোরবানি ঈদের পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের নিয়ে জোটবদ্ধতা, দলবদল ও নতুন সমীকরণ তৈরির তৎপরতা বেড়েছে। মতিয়ার ও আমিরুল দুজনই বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এদিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিয়ারের সঙ্গে বেষ্টপুর গ্রামের ইউসুফ আলীর দীর্ঘদিনের বিরোধ ও শত্রুতা রয়েছে।”
তিনি বলেন, “ইউসুফ আলী আমিরুল ইসলামের সমর্থক। গত পাঁচ থেকে ছয়দিন ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং একপর্যায়ে বিষয়টি থানায় গড়ায়। বুধবার সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতারা উভয় পক্ষকে নিয়ে মীমাংসা বৈঠকে বসেন। তবে এক পক্ষ বৈঠকে উপস্থিত না হওয়ায় আলোচনা ভেস্তে যায়।
“পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ ঢাল, সরকি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
পরিদর্শক সাকিল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন আছে।