Published : 13 Apr 2026, 04:57 PM
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি এতিমখানার নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।
সোমবার ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। পরে দোয়া মাহফিল হয়।
‘শ্রীমঙ্গল শিশু পরিবার’ এর জন্য একটি পাঁচতলা ডরমিটরি (থাকার) ভবন ও একটি চারতলা প্রশিক্ষণ ভবন নির্মাণ করা হবে।
সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এতিমখানার ভবনটি পরিত্যক্ত করা হয়েছিল। এতিম শিশুরা এখন অন্য জায়গায় আছে। তাই দ্রুত নতুন ভবনের কাজ শেষ করা খুব জরুরি। সরকার এ কাজকে গুরুত্ব দিচ্ছে।

তিনি ঠিকাদারদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়েছে। নতুন করে দুটি ভবন নির্মাণে প্রায় ১৪ কোটি টাকা খরচ হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুর রকিব।
২০১৭ সালে ত্রিপুরায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে মৌলভীবাজার জেলার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। তখন শ্রীমঙ্গলের এই এতিমখানার ভবনটিতেও ফাটল ধরে।